উত্তরদিনাজপুর

বিনা প্রতিদন্ধিতায় উত্তর দিনাজপুরের কমলাগাঁও সুজালি অঞ্চল দখল করতে চলেছে তৃণমূল

উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরের কমলাগাঁও সুজালি নাম শুনলেই অনেকেই আঁতকে উঠেন। কি পুলিশ, কি সংবাদ মাধ্যম, কি প্রশাসনিক আধিকারিক মুখে না প্রকাশ করলেও কমলাগাঁও সুজালি অঞ্চলের আতঙ্কের আবহকে কেউই অস্বীকার করতে পারেন না। আর সেই ইসলামপুর ব্লকের কমলাগাঁও সুজালি গ্রাম পঞ্চায়েতে কোনও বিরোধী দলের প্রার্থী মনোনয়ন পত্র দাখিল না করাতে এলাকায় বিজয় উৎসবের আবহ বর্তমান। কমলাগাঁও সুজালি গ্রাম পঞ্চায়েতের ১৮ টি আসনেই শুধুমাত্র শাসকদল তৃনমুলের প্রার্থীরা মনোনয়ন পত্র দাখিল করেছেন। পাশাপাশি ইসলামপুর পঞ্চায়েত সমিতির ওই অঞ্চলের ৪,৫ ও ৬ তিনটি আসনেও বিরোধী কোনও প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেননি। তৃনমূল নেতৃত্বের দাবি সন্ত্রাস ভুলে গিয়ে এলাকার সব মানুষ রাজ্যের উন্নয়নের সাথে পিছিয়ে পড়া কমলাগাও সুজালি ও শান্তির জন্য কোন বিরোধী পঞ্চায়েত নির্বাচনে মনোয়ন পত্র জমা দেয় নি। এই জয় মা মাটির জয়। নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়  মহিলাদের জন্য ৫০ শতাংশ সংরক্ষণের কথা বলেছিলেন। সেখান থেকে অনুপ্রানিত হয়ে কমলাগাঁও সুজালি গ্রাম পঞ্চায়েতে ১৮টি আসনের মধ্যে ১৪টি আসনেই মহিলা প্রার্থী দিয়ে মহিলাদের এগিয়ে আসার সুযোগ দেওয়া হয়েছে।

        এই প্রসঙ্গে কমলাগাঁও সুজালি গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতি মহম্মদ আবদুল বলেন, কোনও হিংসা নয়, কোনও সন্ত্রাস নয় আমরা গ্রামবাসীদের সাথে দফায় দফায় আলোচনা করে বিধায়ক হামিদুল রহমানের নেতৃত্বে এলাকার উন্নয়ন করে আজকে বিরোধী শুন্য অঞ্চলে পরিণত করতে পেরেছি। দল যাকে প্রধান নির্বাচন করবে সেই প্রধান হবেন। গ্রাম পঞ্চায়েতের পাশাপাশি তিনটি পঞ্চায়েত সমিতির আসনও আমরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গিয়েছি। উন্নয়নের প্রশ্নে গ্রামবাসীরা তৃনমুলের সাথে থাকার প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন।